পোর্টফোলিও শব্দটি ডিজাইনারদের কাছে খুব পরিচিত। আপনি কী ধরনের ডিজাইন করেন, কী কী পারেন, আপনার কাজের মান কেমন—সবকিছুই আপনার পোর্টফোলিও দেখে বোঝা যায়। এটি অনেকটা আপনার কাজের অভিজ্ঞতার প্রমাণ। যে কেউ আপনার পোর্টফোলিও দেখেই বুঝে নিতে পারবেন আপনি কতটা দক্ষ বা ক্রিয়েটিভ ডিজাইনার।
পোর্টফোলিও কোথায় বানাবেন?
এর জন্য Behance, Dribbble-সহ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। নিজের নামে সুন্দর একটি প্রোফাইল খুলে সেখানে ডিজাইন আপলোড করতে পারেন—তবে ডিজাইনগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। এছাড়া নিজের একটি পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ বানিয়েও সেটিকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। ২০২৬-এ ক্লায়েন্টরা অনেক সময় LinkedIn-এও কাজ দেখতে চান, তাই সেখানেও নিয়মিত কাজ শেয়ার করতে পারেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত: ডিজাইন আপনার নিজের হতে হবে
যে ডিজাইনগুলো পোর্টফোলিওতে রাখবেন, সেগুলো অবশ্যই আপনার নিজের করা হতে হবে। অন্যের ডিজাইন কপি করে নিজের নামে চালাবেন না। কারণ পৃথিবীটা খুব ছোট—আজ হোক বা কাল, ধরা আপনি পড়বেনই। আর যখন ধরা পড়বেন, তখন সব একসাথে যাবে।
ডিজাইন শেখার শুরুতে কনসেপ্ট বোঝা, কালার কম্বিনেশন আর লেআউট শেখার জন্য আমরা অনেক ডিজাইন কপি করে প্র্যাকটিস করি—এটি শেখার অংশ। কিন্তু অনেকে জেনে বা না জেনে সেই কপি করা ডিজাইনগুলোই পোর্টফোলিওতে দিয়ে রাখেন। এটি সম্পূর্ণ ভুল।
পোর্টফোলিও হলো আপনার নিজের কাজের শোকেস। সেখানে অন্যের কাজ রাখলে লাভ তো হবেই না, বরং মানুষ আপনাকে “চোর ডিজাইনার” ভাববে।
AI যুগে নতুন প্রশ্ন: AI দিয়ে বানানো ডিজাইন কি রাখা যাবে?
এখন অনেকে জিজ্ঞেস করেন—Midjourney বা Firefly দিয়ে বানানো ডিজাইন পোর্টফোলিওতে রাখা যাবে কি না। আমার পরামর্শ: AI-কে টুল হিসেবে ব্যবহার করা দোষের নয়, কিন্তু শুধু প্রম্পট লিখে পাওয়া আউটপুট হুবহু নিজের কাজ বলে চালিয়ে দেওয়া ঠিক নয়। AI দিয়ে তৈরি এলিমেন্টকে নিজের কনসেপ্ট, লেআউট ও এডিটিং দিয়ে সাজিয়ে যখন আপনি সত্যিকারের একটি ডিজাইন দাঁড় করান—সেটিই আপনার কাজ। মনে রাখবেন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রম্পট কিনছেন না, কিনছেন আপনার বিচারবোধ ও সমাধান। আর কাজ হস্তান্তরের আগে লাইসেন্স/কমার্শিয়াল ব্যবহারের শর্তগুলোও দেখে নেবেন।
পোর্টফোলিও না থাকলে কাজ পাবেন না
ডিজাইন গ্রুপগুলোতে আমি অনেককে দেখেছি যাঁরা নিজেকে ভালো মানের ডিজাইনার দাবি করেন, বলেন ভালো কাজ পারেন—কিন্তু অনলাইনে অর্ডার পাচ্ছেন না। তাঁদের কয়েকজনের পোর্টফোলিও দেখতে চেয়েছিলাম; উত্তর এলো—তাঁদের কোনো পোর্টফোলিওই নেই! কেউ কেউ আবার উল্টো জিজ্ঞেস করেন, “ভাই, পোর্টফোলিও আবার কী?”
আবার যাঁদের পোর্টফোলিও আছে, তাঁদের অনেকের প্রোফাইলে দেখলাম Freepik থেকে নেওয়া ফ্রি বিজনেস কার্ড বা ফ্লায়ার টেমপ্লেট নিজের নামে চালানো হচ্ছে। একজন ক্লায়েন্ট যখন দেখবেন আপনি অন্যের জিনিস নিজের নামে চালাচ্ছেন, তিনি কেন আপনাকে কাজ দেবেন বলুন?
পোর্টফোলিওতে কী কী রাখবেন
কাজ পেতে হলে আগে নিজেকে দক্ষ করুন, তারপর একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করুন। আপনি যেসব ডিজাইন পারেন, প্রতিটি ক্যাটাগরির ১০-২০টি করে কাজ যোগ করুন। যেমন ফ্লায়ার ডিজাইন করলে—
- কর্পোরেট ফ্লায়ারের জন্য ১০টি
- স্পা/বিউটি পার্লারের জন্য ১০টি
- ক্লিনিং সার্ভিসের জন্য আলাদা ১০টি
একইভাবে লোগো, পোস্টকার্ড, বিজনেস কার্ড—যা যা আইটেম আছে, ক্যাটাগরি অনুযায়ী সাজান। যাতে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে বুঝতে পারেন, আপনি সত্যিই অনেক কাজ পারেন এবং ভালোভাবেই পারেন। শর্ত একটাই—কপি ডিজাইন চলবে না।
আমার নিজের অভিজ্ঞতা
নতুন অবস্থায় ফাইভারে একবার এক বায়ার ইনবক্স করেছিলেন—তাঁর একটি পার্টি ফ্লায়ার ডিজাইন দরকার, আর তিনি আমার কাজের স্যাম্পল দেখতে চেয়েছিলেন। কিন্তু তখন আমার পোর্টফোলিওতে সে ধরনের কোনো পার্টি ফ্লায়ার ছিল না। দেখাতে পারিনি, অর্ডারটাও পাইনি। মিষ্টি কথায় কনফিডেন্স বোঝানোর পরও ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নিতে পারিনি। তখনই বুঝেছিলাম, পোর্টফোলিওতে সব ধরনের ডিজাইন রাখা কতটা জরুরি—ডিজাইনের ক্ষেত্রে শুধু কথায় চিঁড়ে ভেজে না।
তাই কোনো ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার সময় সাথে আপনার পোর্টফোলিও লিংকটাও দিয়ে দেবেন; ক্লায়েন্ট সেটি দেখেই আপনার দক্ষতা বুঝে নেবেন।
শেষ কথা
সুন্দর সুন্দর ডিজাইন করুন, পোর্টফোলিও তৈরি করুন, চুরি করা বাদ দিন। আগে হোক বা পরে, কষ্ট করলে সফলতা আসবেই—কারও দ্রুত আসে, কারও একটু দেরিতে।
সবকিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে লেখা; ভুল থাকাটা অস্বাভাবিক নয়। কমেন্ট বক্স তো খোলাই আছে—লিখতে পারেন! ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যরাও নতুন কিছু জানতে পারেন।
Author: Mahmudul Hasan Mahmud
সম্পর্কিত পোস্ট: গ্রাফিক ডিজাইন কীভাবে শিখবেন · কোন স্কিল শিখবেন · যে কারণে ডিজাইনার হতে পারবেন না · ডিজাইনারদের ভবিষ্যৎ



1 Comment
Kawsar Ahmed
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রশ্নের উত্তর হিসেবে কথাগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।